চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে কোতোয়ালী থানাধীন অফিসার্স ক্লাবের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হল- জাহাঙ্গীর প্রকাশ বলি (৫৩), নাসির উদ্দিন (৩৬), মো. ইউসুফ প্রকাশ সাজিদ (২৩), আতাউর রহমান (৪৩), ফরহাদ মিয়া (৩৬), মো. হাফিজুর রহমান সুমন (৪৪) ও মো. আবুল কালাম প্রকাশ রবিন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, আটককৃতরা দেশীয়া অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে টাইগার পাস, ফলমন্ডি এলাকার বিভিন্ন দোকান-পাট, বাসা-বাড়িতে এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
