নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন। এরপর বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভাও শপথ নেবে সংসদের দক্ষিণ প্লাজায়। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণে জাতীয় সংসদ ভবনকে নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানসহ অধিবেশনের প্রস্তুতির কাজ চলছে।
সংসদ ভবন সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। এরই মধ্যে ভবনের অভ্যন্তরে ধোয়া-মোছার কাজ চলছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে সবকিছু। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো সাজানোর কাজও চলছে বলে সূত্র জানিয়েছে।
সংসদ ভবন আরো জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো মেরামত করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়শনিবার থেকে সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, “দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।”
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা।
সংসদ সচিবালয়ের আরেক কর্মকর্তা বলেন, বঙ্গভবনের পক্ষ থেকে সংসদ সচিবালয়ে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরপর তারা সেই প্রস্তুতি শুরু করেছেন।
সংসদ সচিবালয় আগে থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ আয়োজনের কাজ শুরু করেছিল।
শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেয়ার বিধান রয়েছে।
নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়ের মিত্র জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
