
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কাজ রিট পিটিশনের কারণে হাইকোর্ট স্থগিত করেছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থগিত আদেশ প্রত্যাহারের পর সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সমাধান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মো. আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক এবং স্বপন ভট্টাচার্য। এছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটির বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। কমিটিকে জানানো হয় যে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কাজ রিট পিটিশনের কারণে মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও জানানো হয় যে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের রিট মামলার সংখ্যা ১৬০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত মামলার নিষ্পত্তির সংখ্যা ২টি। দফাওয়ারি জবাব তৈরি করে বিজ্ঞ আইনজীবীর নিকট প্রেরণ করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কাজ রিট পিটিশনের কারণে মহামান্য হাইকোর্ট স্থগিত করেছে। স্থগিত আদেশ প্রত্যাহারের পরে সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সমাধান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন স্থাবর সম্পত্তিতে শেয়ারিং পদ্ধতির পরিবর্তে নিজস্ব অর্থায়নে বিল্ডিং নির্মাণ অথবা বিদেশি বিনোয়োগকারীদের এই সকল সম্পত্তিতে বিনিয়োগের আহবান জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সমস্যা সমাধানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত ২নং সাব-কমিটির প্রতিবেদন মূল কমিটিতে উপস্থাপন করা হয় এবং উক্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।
