চট্টগ্রাম নগরীতে প্রথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করায় ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র্যাব-৭ পরিচালিত একটি ভ্রাম্যমান আদালত। এছাড়াও ২১ হাজার ৬’শ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে আরও দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার । এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
বিষয়টি নিশ্চত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, বায়েজিদ থানা এলাকার গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগও ওঠে। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১০৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতল জব্দ করে বায়েজিদ থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়। অন্যদিকে পাঁচলাইশ থানধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত মাবিয়া স্টোরে সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় খাজা স্টোরে লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
